লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৬:৪৪ পিএম
লক্ষ্মীপুর পৌর বাজার স্বর্ণ ব্যবসায়ী কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তিন ব্যবসায়ীর প্রতিনিধির হাতে মরণোত্তর ক্রেস্ট প্রদান করা হয়। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
কমিটির সভাপতি অপূর্ব লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উপদেষ্টা দিলিপ কুমার সাহা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বাজুসের সভাপতি সমির কর্মকার। বিশেষ অতিথি ছিলেন বাজুসের সাধারণ সম্পাদক শ্রী পরেশ কর্মকার, সাবেক সভাপতি হরিহর পাল, বিশেষ বক্তা ছিলেন পৌর বাজার স্বর্ণ ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুরি, সহসভাপতি লিটন কর্মকার, সহ-সাধারণ সম্পাদক অজয় রায় প্রমুখ।
বক্তারা বলেন, গেল ১৭ বছর আতংকের সঙ্গে ব্যবসা করতে হয়েছে। অনেকে ব্যবসা ছেড়ে ভারত চলে গেছেন। স্বৈরাচারী আন্দোলনে অনেক স্বর্ণ ব্যবসায়ী প্রাণ দিয়েছেন। দেশে পরিবর্তন এসেছে। এখন আর সেই আতংক নেই। সবাই নির্ভয়ে স্বর্ণ ব্যবসা করে যাচ্ছে। লক্ষ্মীপুরে বড় বড় স্বর্ণের দোকান খুলছে। পৌর বাজার স্বর্ণ ব্যবসায়ী কমিটির আন্তরিকতায় গেল একবছর ভ্যাটের ঝামেলাসহ অনেক সুফল পেয়েছেন সংগঠনের সদস্যরা।