খুলনা অফিস
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৬:২৭ পিএম
ছবি: সংগৃহীত
খুলনার ভৈরব নদে ফেরি ও যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরীর জেলখানা ঘাট ও সেনেরবাজার ঘাটের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত সোয়া ১০টার দিকে জেলখানা ঘাট থেকে একটি যাত্রীবাহী ট্রলার সেনেরবাজারের উদ্দেশ্যে যাত্রা করে। নদীর মাঝপথে বিপরীত দিক থেকে আসা ফেরির সঙ্গে ট্রলারটির সংঘর্ষ হয়। এ সময় ট্রলার থেকে কয়েকজন যাত্রী ভৈরব নদে পড়ে যান। স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধার কাজে এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ রয়েছেন তিনজন।
নিখোঁজদের মধ্যে আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের দিলীপ সরকারের ছেলে আকাশ (২২) শনাক্ত হয়েছেন। এছাড়া একজন নারী ও এক শিশু নিখোঁজ থাকলেও তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
খবর পেয়ে খুলনা সদর নৌপুলিশ, রূপসা নৌপুলিশ, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবু বক্কর জানান, এখন পর্যন্ত তিনজন নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। ছয় সদস্যের ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিচ্ছে। ভৈরব নদীতে তীব্র স্রোত থাকায় ৮০ ফুট নিচে নামতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্রোত আরও বেড়ে যাওয়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত রেখে সকালে আবারও শুরু করা হয়।
রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ বলেন, রাত সাড়ে ১০টার দিকে সংঘর্ষের পর ট্রলারের একটি অংশ ফেরির নিচে ঢুকে যায়। এতে কিছু যাত্রী পানিতে পড়ে যান এবং কয়েকজন ফেরিতে উঠে যেতে সক্ষম হন। নিখোঁজ আকাশসহ অন্যদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।