নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১২:৩৩ পিএম
প্রতীকী ছবি
মাদ্রাসার পার্শ্ববর্তী একটি ডোবায় গোসল করতে নেমে তামিম সরদার (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে ঘটনাটি ঘটেছে।
মৃত তামিম আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের তাইজুদ্দিন সরদারের একমাত্র ছেলে। সে (তামিম) উত্তর গেরাকুল মারকাযুন নূর আমেরিয়া কাসেমিয়া নূরানীয়া কওমি মাদ্রাসার (আবাসিক) নাজেরা শাখার ছাত্র ছিল।
মাদ্রাসার একাধিক ছাত্র জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সবার অজান্তে তামিম অপর এক ছাত্রকে নিয়ে মাদ্রাসার পাশের একটি ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় তার সাথে থাকা অপর ছাত্রের চিৎকারে মাদ্রাসা ও স্থানীয় লোকজন এগিয়ে এসে ডোবা থেকে তামিমকে উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তামিমকে মৃত বলে ঘোষণা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।