যশোর প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ২৩:৩৯ পিএম
প্রবা ফটো।
যশোরে নারীসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত যশোরের খায়েরতলা রেলস্টেশনসহ একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময়ে হানি ট্র্যাপে ব্যবহৃত একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় যশোর পুলিশ সুপারের কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যরা হলেন- যশোর সদর উপজেলার নুরপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে শফিকুল ইসলাম (৩৫), জাফরের ছেলে কালু (৪০), রমজান শিকদারের ছেলে সুলতান ওরফে শান্ত (২৫), যশোরের চৌগাছা উপজেলার ইছাপুর গ্রামের সাফা উদ্দিনের মেয়ে মোছা. শারমিন (২১) ও বেড় গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রুপা (২৮)।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূইয়া বলেন, সম্প্রতি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সাহাপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে আনোয়ার ইকবাল (৪০) ও তার ভাগ্নে নাছিম রেজা (২৩) হানি ট্র্যাপ চক্রের সদস্যদের ফাঁদে পড়ে অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হন। এরপর নাছিম রেজা যশোর কোতোয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন। তার পরিপেক্ষিতে যশোর ডিবির এসআই মো. কামরুজ্জামান, এএসআই মোফাজ্জলের সমন্বয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা দীর্ঘদিন যাবৎ যশোর শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে দুষ্টু প্রকৃতির নারীদের দিয়ে কৌশলে ভুক্তভোগীদের তাদের ভাড়া বাসায় ডেকে আনত। পরে অবৈধভাবে আটক রেখে নির্যাতনসহ পরিবারের কাছ থেকে নগদ টাকা আদায় এবং ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন, নগদ টাকা কেড়ে নিত।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনাÑ সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।