সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৯:২২ পিএম
টাঙ্গাইলের সখীপুরে লাইসেন্স নবায়ন না থাকায় মা ও শিশু কেয়ার ক্লিনিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন এক ডিম ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর কানিজ ফাতেমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মিলপাড় এলাকায় মা ও শিশু কেয়ার ক্লিনিকে অভিযান চালিয়ে তাদের প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শালগ্রামপুর সড়কে মেসার্স তাকওয়া এন্টারপ্রাইজের ক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা না ঝোলানো, লাইসেন্সের মেয়াদ না থাকাসহ বিভিন্ন অপরাধে ডিম ব্যবসায়ী জাহিদুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও আব্দুল্লাহ আল রনী বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।