নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৯:১৭ পিএম
বরিশালে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনি বলেছেন, ‘যে স্বাধীনতা আমরা অর্জন করতে চেয়েছিলাম, তা পারিনি।’ স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্র-জনতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।
মিছিল শুরুর আগে বক্তব্যে আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনি বলেন, ‘২৫ দিনের মত আমরা আন্দোলন করছি। এই পর্যায়ে এসে জুলাইযোদ্ধা সুহানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আটকে রাখা হয়েছে। এটা আন্দোলনকে নস্যাৎ করার একটি পাঁয়তারা। যে মামলায় সুহানকে আটক করা হয়েছে সেই মামলার প্রধান আসামি আমি। আমাকে নাকি পুলিশ কমিশনার খুঁজেছেন, পরে আমি নিজে গত পরশু কোতোয়ালি থানায় গিয়ে কমিশনারকে আহ্বান জানিয়েছিলাম অ্যারেস্ট করতে। কিন্তু তিনি আমাকে গ্রেপ্তার না করে আশপাশের সহযোদ্ধাদের গ্রেপ্তার করছে। ২৪ পরবর্তী সময়ে বাংলাদেশে এরকম চিত্র দেখতে হবে, এটা কল্পনাও করিনি। এটা নিছক একটি প্রতারণা। যে স্বাধীনতা আমরা অর্জন করতে চেয়েছিলাম তা পারিনি।’
তিনি বলেন, মেডিকেলের সামনে অনশনরত শিক্ষার্থীদের ওপরে, আমাদের মা বোনদের ওপরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যুবলীগ ও ছাত্রলীগের লোকজন যে হামলার ঘটনা ঘটিয়েছে তার বিচার চেয়ে আমরা গতকাল (বুধবার) থানায় মামলা দায়েরের জন্য গেছি। সেখানে লিখিত অভিযোগ দিয়েছি। এখন দেখি পুলিশ প্রশাসন কী ভূমিকা পালন করে। সত্যিকার অর্থে বরিশালের পুলিশ প্রশাসন আসলে অ্যাকটিভ আছে, জনতার বিচার হয় কী হয় না সেটি আমরা দেখতে চাই। পুলিশ আমাদের পরশু দিন আশ্বস্ত করেছিল, মামলা নেওয়ার বিষয়ে এবং সুহানের মুক্তির বিষয়ে। কিন্তু ৪৮ ঘণ্টা পরেও সুহানের মুক্তি মেলেনি।
উল্লেখ্য, স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। হামলা, পাল্টা হামলা ও হয়রানির অভিযোগ রয়েছে আন্দোলনকে ঘিরে।