কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৭:৫৭ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জের লঙ্গুরপাড় এলাকায় একটি ধানী জমি থেকে প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সাপটি উদ্ধার করেন সাপ-সংরক্ষক এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা। পরে সাপটি কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
চঞ্চল গোয়ালা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা ফোন দিয়ে জানায়, লঙ্গুরপাড় গ্রামের ধানক্ষেতের নেটে একটি অজগর আটকা পড়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি, সাপটি ধানক্ষেতের নেটের বেড়ার মধ্যে আটকা রয়েছে। পরে ধীরে ধীরে নেট কেটে সাপটিকে উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরিচর্যা করে দুপুরে সাপটিকে লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করা হয়।
লাউয়াছড়া বনের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে বনভূমিতে অবমুক্ত করা হয়েছে।