নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৫:৪৪ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাঁজা ও ফেনসিডিলসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ।
আটককৃতরা হলো, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দূর্গাপুর এলাকার মৃত একলাছ শেখের ছেলে জাহাঙ্গীর আলম, নড়াইল সদর থানার ডুমুরতলা এলাকার নূর আলমের ছেলে মোঃ তরিকুল ইসলাম, একই থানার বিল ডুমুরতলা এলাকার মৃত ওহিদার মোল্লার ছেলে মোঃ দুলু মোল্লা, কুড়িগ্রামের নাগেশ্বরী থানার মৃত মদিওতুল্লাহর ছেলে মোঃ নাসির, সোনারগাঁ থানার কাঠারাব এলাকার মোঃ দুলু মিয়ার ছেলে তরিকুল ইসলাম ও সোনারগাঁয়ের রাদগাঁও এলাকার মৃত মজিবর মিয়ার ছেলে মোঃ আশিক মিয়া।
র্যাব-১১ জানায়, বুধবার (২০ আগস্ট) রাতে সোনারগাঁয়ের সোনাখালী এলাকা থেকে মাদকসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, কুমিল্লা থেকে গাঁজা ও ফেনসিডিল এনে বিক্রয়ের জন্য নিজেদের কাছে রেখেছিল। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল তারা।