উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৪:১৮ পিএম
উলিপুরে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। প্রবা ফটো
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাঁট বগলা কুড়া নদী ভাঙনকবলিত এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
বক্তারা জানান, তিস্তার ভাঙনে ইতোমধ্যে হাজার হাজার একর ফসলি জমি ও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন প্রতিদিনই ভয়াবহ আকার ধারণ করছে, পুরো এলাকা হুমকির মুখে পড়েছে। নদী আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা নিঃস্ব হয়ে যাব, এভাবেই হতাশা প্রকাশ করেন ভুক্তভোগীরা।
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে ভাঙন রোধে জিও ব্যাগ ও পাথর ফেলে তাৎক্ষণিক প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য নদী শাসন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক ও সাফা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোবহান, আমজাদ হোসেন, চান মিয়া, নুরন্নবী, মোজাফফর হোসেন, আব্দুল মান্নান, আশরাফ হাজী, বাহারুল ইসলাম, নাসরিন বেগম, রুনা আক্তার প্রমুখ।