রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৩:৩৮ পিএম
ফাইল ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিতাস গ্যাসের রূপশী অফিসের পিএলসি উপ-সহকারী প্রকৌশলী দ্বীন ইসলাম। হামলাকারীরা সংযোগ বিচ্ছিন্নের সরঞ্জামও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার ভূলতা ইউনিয়নের সোনাব এলাকায় এ হামলা ও লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রকৌশলী দ্বীন ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
প্রকৌশলী দ্বীন ইসলাম বলেন, সোনাব এলাকার হাবিবুল্লাহর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সময় হাবিবুল্লাহ, গোলাকান্দাইলের রাসেল মিয়াসহ ২০-২৫ জন অতর্কিতভাবে হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে গেলে অভিযানের অন্য সদস্যদেরও পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তার আইডি কার্ড, ওয়েল্ডিং মেশিন, ক্যাবল, লোহার পাইপ ও রাইজারের মালামাল লুট করে নিয়ে যায়। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।