বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৩:০৪ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালীতে বিষপানে তানজু আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরির বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানজু আক্তার উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা গ্রামের প্রবাসী মো.নুরুন্নবীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানজু আক্তারের স্বামী মো. নুরুন্নবী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত। রাতে স্ত্রীকে ফোনে না পেয়ে তিনি পাশের বাড়ির এক বয়স্ক মহিলাকে ফোন করে খোঁজ নিতে বলেন। এরপর ওই মহিলা ও প্রতিবেশীরা তানজুকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তারা দেখতে পান তানজু বিষপান করেছেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।