সিলেট অফিস
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১২:২৯ পিএম
সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে মো. সারওয়ার আলমের দায়িত্ব গ্রহণ। ছবি : সংগৃহীত
সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আলোচিত মো. সারওয়ার আলম।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করলে বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী তাকে স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।
সাদাপাথর লুটের ঘটনায় গত সোমবার (১৮ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সরিয়ে দেওয়া হয়। তার স্থলে নিয়োগ পেয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ভেজাল ও দুর্নীতির বিরুদ্ধে বিশেষ ভূমিকা রাখা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
উল্লেখ্য, সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন তিনি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন। ২০২০ সালের ৯ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি হয়েছিলেন এবং গত বছরের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান। সিলেটে সাদাপাথর লুট ও চুরির ঘটনায় শুরু হওয়া আলোচনার মধ্যেই জেলা প্রশাসক পর্যায়ে এই পরিবর্তন আনা হয়েছে।