কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১১:১৩ এএম
দিনভর নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন করতে গিয়ে আটক ২৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠিত ঘটনার ব্যাপারে ৫টি বিষয় সমাধানে সর্বদলীয় একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকাল ৪টার দিকে থানা থেকে একে একে ছাড়া পান আটক ২৮ জন।
এর আগে সকাল ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলা সদর স্টেশনের ফলিয়াপাড়া রাস্তা মোড় এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধিসহ ২৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে উখিয়া থানা প্রাঙ্গণ ঘিরে রেখেছেন আন্দোলনকারীরা। নিক্ষেপ করে ইটপাটকেল।
ঘটনার পরপর থানা প্রাঙ্গণে যান বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ, শিবির নেতারা। যেখানে দীর্ঘ বৈঠকের সর্বদলীয় সমন্বয় কমিটি গঠন করে আলোচনার পর ছেড়ে দেওয়া হয় আটকদের।
উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী এসব তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, আটকদের ছেড়ে দেওয়া হয়েছে। আগামী ২৫ আগস্ট প্রধান উপদেষ্টার কক্সবাজার সফরে শিক্ষকের চাকরির ব্যাপারে কমিটির বৈঠক করবেন এবং কথা বলবেন। গতকালের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন গত ৩ জুন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে (আরআরআরসি) লেখা এক চিঠিতে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালিত সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে। এর আগেই চাকরিচ্যুত হয়েছেন ১২৫০ জন আন্দোলনকারী শিক্ষক।