খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২১:৪৯ পিএম
খাগড়াছড়ির দূর্গম লক্ষ্মীছড়ি উপজেলার দেওয়ানপাড়ায় ইউপিডিএফের (মূল) একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
বুধবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি বিশেষ দল এ অভিযান চালায়।
অভিযানে প্রায় ১০ লাখ টাকা, দুইটি লাল পাসপোর্ট, ১২টি সিম কার্ড, পাঁচটি মোবাইল ফোন, দুইটি চাঁদা আদায়ের রশিদ বই এবং বিভিন্ন দৈনন্দিন ব্যবহারের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ (মূল) দলের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার করা এসব সামগ্রী থেকে সন্ত্রাসীদের চাঁদাবাজি ও অবৈধ কার্যক্রমের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানের পরিকল্পনা নেওয়া হয়। পাহাড়ি অঞ্চলের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ইউনাইটেড পিপলস লিবারেশন ফ্রন্ট- ইউপিডিএফের (মূল) সদস্যরা আস্তানা গড়ে তোলে এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করছিল।