লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২১:০৬ পিএম
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) সদস্য মুনিরুল ইসলামকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত।
বুধবার (২০ আগস্ট) দুপুরে চুনতি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মুনিরুল মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় চুনতি এলাকায় টহল পুলিশ তাকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার মুনিরুল ইসলামের বাড়ি কক্সবাজারের উখিয়ায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।