কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২০:২২ পিএম
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ‘এফবি মায়ের দোয়া’ নামে একটি মাছ ধরা ট্রলার ২০ জন জেলে নিয়ে ডুবে গেছে।
সোমবার (১৮ আগস্ট) রাত দুইটার দিকে কুয়াকাটা থেকে অন্তত ২০০ কিলোমিটার গভীরে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার ৩৭ ঘণ্টা পর বুধবার (২০ আগস্ট) বিকাল তিনটার দিকে আরেকটি ট্রলার কুয়াকাটার অদূরে সাগর থেকে ১২ জেলেকে উদ্ধার করে। পরে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- মর্তুজা আলী (২৫), মো. আনিচ (২৬), নূরে আলম (৭৫), হেলাল উদ্দিন (২১), সাজ্জাদ (২৩), তৌহিদ (২৩), ফয়সাল (৩৫), রুহুল কবির (৫৫), আনসার আলী (৩০), সেকাব হোসেন (২২), নুরুল হাসান (২২) ও মোর্শেদ (২০)। এদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী বলে জানা গেছে।
ট্রলারের মাঝি মো. বাদশা মিয়া জানান, ১৪ আগস্ট ২০ জন জেলে নিয়ে বাঁশখালী থেকে তারা গভীর সমুদ্রে মাছ শিকারে যান। ১৮ আগস্ট ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। পরে ট্রলারে থাকা ড্রাম ও বাঁশ ধরে প্রায় ৩৭ ঘণ্ট তারা সাগরে ভাসমান ছিলেন। তবে এ পর্যন্ত ১৪ জন জেলে উদ্ধার হলেও তিনজনের নামপরিচয় পাওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনার পরপরই ট্রলার মালিক মো. জমির সওদাগর নিখোঁজ জেলেদের সন্ধান অব্যাহত রেখেছেন বলে মাঝি বাদশা মিয়া জানিয়েছেন।