সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৮:৩০ পিএম
অন্তরবর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘বাংলাদেশ প্রতিষ্ঠাতাদের মধ্যে মাওলানা ভাসানী একজন। তিনি তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন-সংগ্রাম করেছেন। তার সম্মানে আমরা এ সেতুর নামকরণ করেছি ‘মাওলানা ভাসানী সেতু’। এ অঞ্চলের মানুষ আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে। চব্বিশের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এ সরকার দায়িত্ব গ্রহণের পর আঞ্চলিক বৈষম্য নিরসনে বিভিন্নস্থানে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে ২৯ প্রকল্প নিয়ে কাজ চলছে।’
বুধবার (২০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সংযোগে ১৪৯০ মিটার দীর্ঘ ৩৯ দশমিক ৬০ মিটার প্রস্থের তিস্তানদীর ওপর নির্মিত ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এলজিইডির প্রকল্প পরিচালক আব্দুল মালেকের সভাপতিত্বে সেতুসংলগ্ন চৌরাস্তা মোড়ে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন দাতা সংস্থা সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের (এসএফডি) এশিয়া অপারেশনসের মহাপরিচালক ড. সৌদ আয়ীদ আলশাম্মরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মহাপরিচালক মাহমুদুল হাসান (এনডিসি), যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান, উপসচিব শামীম বেপারী, যুগ্ম সচিব শাহিনুর আলম, সিনিয়র সহকারী সচিব ফারজানা আলম। সেতুটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন এসএফডির এশিয়া অপারেশনসের মহাপরিচালক ড. সৌদ আয়ীদ আলশাম্মারী, জেলা জামায়াতের আমীর ডা. আব্দুর রহিম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, জেলা প্রশাসক চৌধূরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুড়িগ্রাম অংশে সংযোগ সড়কের বাকি কাজ বর্ষাকালের পর সেপ্টেম্বর মাসে শেষ করার আশাবাদ ব্যক্ত করে বলেন, 'এই সেতু ও সংযোগ সড়ক নির্মাণের ফলে কুড়িগ্রাম থেকে রাজধানীর দূরত্ব কমবে ৬০ কিলোমিটার। তাছাড়া, অর্থনৈতিক, শিক্ষা, চিকিৎসাসহ এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রসার ঘটবে।
উল্লেখ্য, ২০১২ সালে এ প্রকল্পটি অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। শিডিউল অনুযায়ী অর্থছাড়ের পর ২০১৪ সালের ২৫ জানুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২০২০ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। চার দফা উদ্বোধনের সময় পিছিয়ে অবশেষে বুধবার উদ্বোধন করা হলো ‘মাওলানা ভাসানী সেতু’।