ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৪:২৮ পিএম
ফেনীর ফুলগাজীতে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত দুইটি গ্রেনেড পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডার জসিম উদ্দিনের বাড়ির পুকুরপাড়ে এসব গ্রেনেডের সন্ধান পাওয়া যায়। গ্রেনেড দুটির খবর পেয়ে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কমান্ডার জসিমের বাড়ির পুকুরপাড়ে স্থানীয় রাখাল মামুন দুটি গ্রেনেড মাটিতে পড়ে থাকতে দেখতে পান। তখন স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে ফুলগাজী থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। গ্রেনেডগুলো অনেক পুরাতন বলে জানায় স্থানীয়রা।
ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এ ব্যাপারে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, গ্রেনেডের বিষয়টি অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।