টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৪:২৫ পিএম
কক্সবাজারের টেকনাফে মেয়াদ উত্তীর্ণ পণ্য, মূল্য তালিকার চেয়ে উচ্চমূল্যে পণ্য বিক্রি, ভেজাল খাবার এবং অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য বিক্রয়ের অভিযোগে ৭১ হাজার টাকা জরিমানা করেছে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকপক্ষকে। এ সময় আরো ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টেকনাফ পৌরসভার বাসস্টেশন ও উপরের বাজার এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন থানা পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, আজ টেকনাফ পৌরসভার বাসস্টেশন ও উপরের বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযানে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক পক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮,৩৯ ও ৪০ ধারায় ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আরো ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে এলাকার জনগণকে তিনি জানান।