জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৩:৪৭ পিএম
সুনামগঞ্জের জগন্নাথপুর ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথে প্রতিনিয়ত ফেলা হচ্ছে খাবারের উচ্ছিষ্ট, মেডিকেল বর্জ্য ও রক্তমাখা গজ-তুলাসহ পরিত্যক্ত জিনিসপত্র। ৫০ শয্যার এই হাসপাতাল দীর্ঘদিন পরিষ্কার না করায় রীতিমতো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে পার্শ্ববর্তী এলাকার জায়গাগুলো। বর্জ্য শোধনাগার থাকা বাধ্যতামূলক হলেও কোনো বর্জ্য শোধনাগার নেই সেখানে। প্রবেশ পথেই প্রতিনিয়ত ফেলা হচ্ছে ময়লা আবর্জনা ও চিকিৎসা বর্জ্য। রোগী ও পথচারীরা দুর্গন্ধে নাকাল হয়ে উঠলেও নীরব ভূমিকায় রয়েছে স্বাস্থ্য বিভাগ ও পৌর কর্তৃপক্ষ।
বুধবার (২০ আগস্ট) সরেজমিন দেখা যায়, হাসপাতালে আগত রোগীর স্বজনরা সারাদিনই পরিত্যক্ত জিনিসপত্র ফেলে যাচ্ছেন এখানে। হাসপাতালের মূল ভবনের উত্তর পাশে চলাচলের পথেও অনবরত ময়লা ফেলা হচ্ছে। চিকিৎসা নিতে এসে প্রবেশ পথেই নাক টিপে ধরতে হচ্ছে সাধারণ মানুষকে।তীব্র দুর্গন্ধে বমি হওয়ার উপক্রম। আর এই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে হাসপাতালের চারপাশের আবাসিক এলাকায়ও। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে হাসপাতালের আশপাশের মানুষ।উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের একমাত্র সরকারি হাসপাতালে এমন পরিস্থিতির বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সেবা নিতে আসা ব্যক্তিদের মধ্যে। ৫০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন রোগী ভর্তি থাকে গড়ে ৭০ থেকে ১০০ জন। আর বহির্বিভাগ থেকে চিকিৎসাসেবা নেয় কমপক্ষে ৪০০ রোগী। সেখানে ময়লা আবর্জনার দুর্গন্ধে সুস্থ মানুষও অসুস্থ হওয়ার উপক্রম হয়ে চিকিৎসা নিতে আসে রোগী ও রোগীর স্বজনরা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা আবদুল করিম বলেন, ময়লার দুর্গন্ধে হাসপাতাল এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান এবং আবাসিক এলাকাগুলোতে জীবনমান প্রায় দুর্বিষহ হয়ে উঠেছে।
ফেয়ার ফেইস জগন্নাথপুর উপজেলার সভাপতি সাইফুর রহমান মিনাজ বলেন, প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পরিবেশবান্ধব ব্যবস্থা না নেওয়া হলে এ অঞ্চলের হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জীবনমান আরো বিপর্যস্ত হয়ে ওঠবে।
স্বাস্থ্যসেবা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সংলগ্ন এলাকায় জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। স্থানীয় প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করা। পরিবেশ বাঁচাতে এখনই উদ্যোগ প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হবেÑ যাতে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করে সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করা যায়। সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং হাসপাতালের সামনে যারা ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করছে তাদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।