ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৩:০৯ পিএম
ছবিঃ সংগৃহীত
ময়মনসিংহের ফুলপুর থানায় ২১ জনের নাম উল্লেখসহ আরও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের হয়েছে- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী বক্তব্য ও মিছিল করে জনমনে ভীতি সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচারের অভিযোগে।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাতে বওলা ইউনিয়নের কুকাইল গ্রামে ছাত্রলীগের কয়েকজন সদস্য সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করে। তারা অবৈধ সরকার পতনের হুমকি দিয়ে এলাকায় ভীতি ও ত্রাস সৃষ্টি করে এবং পরে এ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথগ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে। ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা ৩০-৩৫ বছর বয়সি একজন যুবক তার সামনে দাঁড়ানো ৪০-৫০ জন নেতাকর্মীকে শপথ পড়াচ্ছেন। তার পেছনে একটি ব্যানারে লেখা রয়েছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ৫০তম শাহাদাতবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। ব্যানারের নিচে আরো লেখা রয়েছে, শরীফ আহমেদ এমপি, ফুলপুর-তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ, ময়মনসিংহ।
তবে, এই শপথ অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়েছে সে ব্যাপারে ময়মনসিংহের পুলিশ প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা কেউ নিশ্চিত করতে পারেননি।
শপথ অনুষ্ঠানে বলতে শোনা যায়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ ১৫ আগস্ট। বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে আমি শপথ করিতেছি যে, লুটপাটকারী, প্রতারক, বাটপার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, হত্যাকারী, ধর্ষণকারী, রাজাকার ইউনূস গংদের হাত থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মানবতার মা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে ফিরিয়ে আনতে ময়মনসিংহ-২ ফুলপুর ও তারাকান্দা আসনের সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে ময়মনসিংহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এজাহারে উল্লিখিত আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ, স্থানীয় সাইমন, রাহাত, জনি, রাজা মিয়া, শফিকুল ইসলাম, মাহমুদুল হাসান রামিম, রাফি, হৃদয়সহ আরও অনেকে। এছাড়া স্থানীয় জসিম উদ্দিন, আব্দুল লতিফ, রুবেল, শান্ত, সোহান, মুন্না, আল-আমিন, সোনাহর, খোকা মিয়া, আরব আলী, মোতালেব ও রিয়াজ উদ্দিনকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, ‘আসামিরা সরকারবিরোধী স্লোগান দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এবং ফেসবুকে ভিডিও প্রচার করেছে। এ দুটি ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১২/১৩ ধারায় মামলা হয়েছে।’
মামলাটি গত রবিবার (১৭ আগস্ট) রাতে থানার এসআই (নিঃ) মো. হাবিবুর রহমান বাদী হয়ে দায়ের করেন। মামলা নং ১২, যা পরবর্তী সময়ে আদালতে প্রেরণ করা হয়েছে।