নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৯:২৩ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার ঈদগাহ মাঠে খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন। বিভিন্ন এলাকার পানিবন্দি মানুষের জন্য- ভুলতা, ভোলাবো, রূপগঞ্জ, দাউদপুর ইউনিয়ন ও তারাবো পৌরসভার দুই হাজারের অধিক পানিবন্দির মাঝে ২ হাজার ৫শ’ মেট্রিক টন চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ঈদগা মাঠে এ আয়োজিত অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল আলম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান, রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন প্রমুখ।
পরে জলাবদ্ধতায় পানিবন্দিদের মধ্যে ১০ কেজি চালসহ অনান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।