দশমিনা (পটুয়াখালী)প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৬:৪৩ পিএম
পটুয়াখালীর দশমিনায় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে রাজিব (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের কেদিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজিব উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড পাকার মাথা এলাকায় মাহাবুব সরদারের ছেলে। তিনি পেশায় স্কেভেটর (ভেকু) চালক।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরভুতম এলাকায় নিজ কর্মস্থল খেয়াঘাট যাচ্ছিলেন রাজিব। কেদিরহাট এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সামনে হঠাৎ অজ্ঞাত এক বৃদ্ধ এসে পড়ে। তাকে বাঁচাতে তাৎক্ষণিক গাড়ির গতি কমাতে ব্রেক চাপলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ সড়কের পাশে খাদে পড়ে যান রাজিব। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মইনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, প্রাথমিক সুরতহাল শেষে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।