সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৬:১৬ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫ ১৬:২৬ পিএম
প্রবা ফটো।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৪ মাস ২১ দিন পর আবার পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সাতটি ট্রাকে মোট ২০২ মেট্রিক টন পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ।
ব্যবসায়ীরা বলেন, অন্যান্য পণ্যের পাশাপাশি এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেশি হয়। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় দিনমজুরি শ্রমিকরা অলস সময় পার করছিল। আবারো শ্রমিকদের ব্যস্ততা বেড়ে যাবে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান রেবতী কুমার বিশ্বাসের মালিকানাধীন মেসার্স অয়ন ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে। আর ছাড়কারক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করেছে মোশাররফ ট্রেডার্স।
ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার মো. শওকত হোসেন বলেন, সোমবার সন্ধ্যা নাগাদ ৭টি গাড়িতে ২০২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয়েছিল।