শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৬:০৭ পিএম
শ্যামনগর থানা। প্রবা ফটো
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মৃত ছাত্রী উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট শীলতলা গ্রামের প্রভাষ গাতিদারের মেয়ে সুপ্রিয়া গাতিদার (১৫)।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরের দিকে নিজ বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে অভিমানে সে আত্মহত্যা করেছে।
প্রতিবেশী ভোলানাথ মন্ডল জানান, সুপ্রিয়ার মা-বাবা জমিতে কাজ করছিলেন। দুপুরে তার মা ভাত রান্না করার জন্য বাড়িতে এসে দেখে মেয়ে গলায় দড়ি দিয়েছে। তখন আমাদের ডাকলে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার সাকির হোসেন বলেন, হসপিটালে নিয়ে আসার আগেই সে মারা গিয়েছিলো।
শ্যামনগর থানার ওসি হুমায়ূন কবির মোল্লা বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।