হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৬:০৭ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫ ১৬:১৭ পিএম
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত চাল খালাসে শুল্ক জটিলতার সমাধান হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৬৩ দশমিক ৫ শতাংশ শুল্কহার কমিয়ে ২ শতাংশ অগ্রিম আয়কর নির্ধারণ করেছে। এর ফলে, এই বন্দরে গত ৬ দিন ধরে আটকে থাকা চাল খালাসে আর বাধা নেই।
সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে কাস্টমসের এসআই কোডা সার্ভারে এই হালনাগাদ নির্দেশনা দেওয়া হয় বলে হিলি কাস্টমস সূত্রে জানা গেছে।
বিষয়টি জানিয়েছেন, হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন। তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি নীতিমালা অনুযায়ী চালের আমদানিতে শুল্ক প্রত্যাহার করে ২ শতাংশ অগ্রিম আয়কর প্রদানের নির্দেশনা জারি হয়েছে। এখন থেকে ব্যবসায়ীরা এই হারেই চাল খালাস করাতে পারবেন।
এদিকে শুল্ক জটিলতা কেটে যাওয়ায় বন্দরে আটকে থাকা চাল খালাসের প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। তাদের মতে, দ্রুত চাল খালাস শুরু হলে দেশের বাজারে সরবরাহ বাড়বে এবং চালের দামও কমে আসবে।
জানা যায়, বিগত প্রায় চার মাস বন্ধ থাকার পর গত ১২ আগস্ট থেকে চাল আমদানি শুরু হলেও শুল্ক জটিলতার কারণে হিলি স্থলবন্দরে ৬৪টি ট্রাকে থাকা ২ হাজার ৮১৪ টন চাল আটকে ছিল। অবশেষে শুল্ক জট কাটায় ওই চাল এখন খালাসের অপেক্ষায়।