খুলনা অফিস
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ২১:০২ পিএম
ভেজাল ও নকল ওষুধ বিক্রির অভিযোগে খুলনায় লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে এডোরাবেলা হেলথ কেয়ার নামে একটি ভুয়া প্রতিষ্ঠান বাজারে নকল ওষুধ সরবরাহ করে আসছিল। চুলকানি নিরাময়ের একটি ওষুধ তারা ফিলিপাইনের তৈরি বলে চালিয়ে বিক্রি করছিল। অথচ সেটি উৎপাদন হচ্ছিল ঝিনাইদহে। সেই ওষুধই লাজ ফার্মার বিভিন্ন শাখায় পৌঁছায়। এর আগে গত মে মাসে লাজ ফার্মার সোনাডাঙ্গা মজিদ স্মরণি রোড শাখায় অভিযান চালিয়ে একই অভিযোগে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী খুলনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সেলিম জানান, মানুষের জীবন নিয়ে যারা খেলছে, তাদের ছাড় দেওয়া হবে না। লাজ ফার্মার বিরুদ্ধে প্রমাণ মিলেছে যে তারা ভেজাল ওষুধ প্রদর্শন ও বিক্রি করেছে। এজন্য প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
লাজ ফার্মার রয়্যাল মোড় শাখার ম্যানেজার মইন উদ্দিন বলেন, আমরা সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর ভরসা করেই ওষুধ বিক্রি করি। কিন্তু কিছু অসাধু চক্র ভেজাল ওষুধ বাজারে ঢুকিয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, লাজ ফার্মার বিরুদ্ধে এটি কোনো একক ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত চক্র দীর্ঘদিন ধরে এভাবে ওষুধ বাজারজাত করছে।