মোহনপুর (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১৭:৩৭ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫ ১৭:৪১ পিএম
রাজশাহীর মোহনপুরে ঋণগ্রস্ত হয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ আগস্ট) ভোরে একটি পানের বরজে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।
নিহত কৃষকের নাম আকবর হোসেন। তিনি মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামের লুকমানের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো আকবর পান বরজ দেখাশোনার জন্য খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তার ছেলে সুমন ছয়জন শ্রমিক নিয়ে পান বরজে গেলে তার বাবাকে দেখতে পান না। খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের আরেকটি পান বরজে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার বাবাকে দেখতে পান।
পরে শ্রমিকদের সহযোগিতায় মৃতদেহ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা ঋণ নেয় আকবর হোসেন। ঋণ নিয়ে পাওনাদারদের চাপে ছিলেন তিনি। আর এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
এর আগে, গত শুক্রবার পবা উপজেলার বামনশেকর গ্রামে এক স্বামী তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। মরদেহের পাশে উদ্ধার করা সুইসাইড নোটে ওই স্বামী হত্যার কারণ হিসেবে নিজের ঋণগ্রস্ততা ও দারিদ্রতার কথা উল্লেখ করেন।