রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১৭:১০ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫ ১৭:২২ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪০ বছরের পুরনো অবৈধ গরুর হাট বন্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। এ সময় পাশে থাকা ৭টি অবৈধ বালির গদির বিপুল পরিমাণ বালির স্তূপ মাত্র দেড় লাখ টাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করে দেন।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের পূর্বাচল ৪নং সেক্টর এলাকায় জনতা হাই স্কুলের নামে চলা অবৈধ এ হাটে অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও পূর্বাচল রাজস্ব সার্কেল তাছবীর হোসেন, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।
অভিযান শেষে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, যুগ যুগ ধরে সরকারিভাবে কোনো ইজারা না দিয়ে একটি স্কুলের নামে গরুর হাট চলে আসছে। সপ্তাহে সোমবার হওয়া এ হাটটি রাজউকের জমি দখল করে হয়ে আসছে। এছাড়া হাটটির কারণে স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। তা বন্ধ করে, অভিযান পরিচালনা করে কাঠ-বাঁশ উচ্ছেদ ও হাটের সরঞ্জাম জব্দ করেছি। পাশাপাশি বেশ কয়েকটি অবৈধ বালির গদির ব্যবসায়ীদের না পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিলামে ১ লাখ ৫০ হাজার টাকায় স্তূপগুলোতে থাকা বালি বিক্রি করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।