× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আধুনিক বাস টার্মিনাল জুড়ে অব্যবস্থাপনা

সিলেট অফিস

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১২:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অবহেলা আর অব্যবস্থাপনায় বিনষ্ট হচ্ছে সিলেটের আধুনিক কেন্দ্রীয় বাস টার্মিনাল। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী আর আধুনিক সুযোগ-সুবিধার মিশেলে নির্মিত এ স্থাপনা দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন। তবে দেড় বছর না যেতেই সেই দৃষ্টিনন্দন বাস টার্মিনাল এখন ভবঘুরে আর ভাসমান ব্যবসায়ীদের নিরাপদ আবাসে পরিণত হয়েছে। 

নগরের কদমতলী এলাকায় আট একর জায়গাজুড়ে বিশ্বব্যাংকের অর্থায়নে ১১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটি যাত্রীসেবায় তেমন ভূমিকা রাখতে পারছে না। তদারকি না থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে শতকোটি টাকার স্থাপনা। 

সিলেট সিটি করপোরেশনের নজরদারির অভাব ও পরিবহন শ্রমিকদের যাচ্ছেতাই অবহেলায় নষ্ট হচ্ছে টার্মিনালের সৌন্দর্য। অযত্নে টার্মিনালের চেয়ারগুলোতে পড়েছে জং। লাইট-সিলিং ফ্যান খসে পড়েছে। তালাবদ্ধ টাওয়ারটি রীতিমতো ভূতের বাড়ির মতো পরিত্যক্ত। ভিআইপি বিশ্রামাগার ও নামাজের জায়গায় মাকড়সার জাল। 

নতুন টার্মিনাল শুরুর পর সব যানবাহন টার্মিনালের ভেতরেই অবস্থান করার কথা। কিন্তু ভেতরের চেয়ে রাস্তায়ই শত শত যানবাহন অবস্থান করায় জনসাধারণের ভোগান্তি রয়ে গেছে আগের মতোই। 

চার তলাবিশিষ্ট বাস টার্মিনালের ভবনের কোটি টাকার আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। বাস টার্মিনালের চারপাশসহ মূল ভবনের বেশকিছু স্থানে ময়লা-আবর্জনা ভাগাড়ে পরিণত হয়েছে। পুরুষ-মহিলার পৃথক বাথরুম থাকলেও সেগুলো স্যাঁতসেঁতে আর দুর্গন্ধে ব্যবহার অনুপযোগী। ৯৭০ আসনের বিশাল ওয়েটিং লাউঞ্জের চেয়ারগুলো ভেঙে পড়েছে। ভেতরের ইলেকট্রনিক্স ফিটিংসগুলোও ঝুলে আছে। 

বিশাল এই কমপ্লেক্সে বিমানবন্দরের আদলে রয়েছে ওয়েটিং স্পেস। রয়েছে আলাদা আগমন ও বহির্গমন টার্মিনাল। পাঁচ তলা গোলাকার প্রশাসনিক টাওয়ার, আধুনিক কন্ট্রোল রুম, পুলিশ ও পর্যটন তথ্যকেন্দ্র সিক বেডসহ আধুনিক যাত্রীসেবা ব্যবস্থা থাকলেও কোথাও যত্নের ছাপ নেই। 

পুরো টার্মিনালের তিনটি ভাগ। এর মধ্যে প্রথম অংশের বহির্গমন ভবনের দৈর্ঘ্য সাড়ে ৩০০ ফুট। এই অংশে ৪৮টি বাস একসঙ্গে থাকতে পারবে। এ ছাড়া যাত্রীদের বসার জন্য রয়েছে ৯৭০ আসনের হলরুম। রয়েছে ৩০ আসনের ভিআইপি কক্ষ, ৩০টি টিকিট কাউন্টার ও নামাজের আলাদা ব্যবস্থা।

পুরুষ, নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন লোকদের ব্যবহার উপযোগী ছয়টি টয়লেট। ওপরে ওঠার জন্য রয়েছে লিফট এবং খাবারের জন্য রেস্টুরেন্ট ও ফুড কোর্ট। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া যাত্রীর জন্য আলাদা শয্যা ও ব্রেস্ট ফিডিং জোন।

দ্বিতীয় অংশের আগমনী ভবন ৩০০ ফুটের। যাত্রীদের বসার জন্য ৫১০ আসনের বসার স্থান ও ৩০ আসনের ভিআইপি কক্ষ, আধুনিক টয়লেট সুবিধা, ব্রেস্ট ফিডিং জোন, লিফট, রেস্টুরেন্টসহ অন্যান্য সুবিধা বিদ্যমান।

আগমন ও বহির্গমন অংশ আলাদা করা হলেও করিডোরের মাধ্যমে পুরো স্থাপনাকে সংযুক্ত করা হয়েছে। এই বিল্ডিংয়ের পশ্চিম-দক্ষিণ কোনায় সড়কের সঙ্গে গোলাকার পাঁচ তলা টাওয়ার বিল্ডিংয়ে রয়েছে টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনা অফিস, যেখান থেকে পুরো টার্মিনালের সিকিউরিটি কন্ট্রোল ও সিসিটিভি মনিটরিং করা হয়। 

টার্মিনালের পেছনের দিকে তৃতীয় অংশে নির্মিত হয়েছে একটি মাল্টিপারপাস ওয়েলফেয়ার সেন্টার। যেখানে মালিক ও চালক সমিতির জন্য রয়েছে ২৪ শয্যার বিশ্রাম কক্ষ, গোসলের ব্যবস্থা, অফিস, লকার ব্যবস্থা, ক্যান্টিন এবং মিটিং ও অনুষ্ঠানের জন্য মাল্টিপারপাস মিলনায়তন।

নির্মাতা প্রতিষ্ঠান ডালি কনস্ট্রাকশনের প্রকৌশলী হেলাল উদ্দিন জানান, প্রকল্পের স্টিলের টিন আনা হয়েছে তাইওয়ান থেকে। স্টিল স্ট্রাকচারের জন্য লোহার বার আনা হয়েছে চীন থেকে। প্রতিটি উপকরণ বুয়েটে টেস্ট করা হয়েছে। 

দৃষ্টিনন্দন ও আধুনিক বাস টার্মিনাল সারা দেশে প্রথম সিলেটেই নির্মিত হয়েছে উল্লেখ করে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘এই টার্মিনাল পরিচালনার জন্য একটি নীতিমালা তৈরির কাজ চলছে। এখানে যত্রতত্র গাড়ি পার্কিং করা ও যাত্রী ওঠানামা করা যাবে না। ইচ্ছামতো কাউন্টার বসানো যাবে না। পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বসেই আমরা এ ব্যাপারে একটি নীতিমালা তৈরি করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা