সিলেট অফিস
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ২৩:৩৪ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫ ২৩:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
সিলেটে তীব্র দাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র তাপদাহের সাথে লোডশেডিং জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। মাত্রাতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদা বাড়লেও উৎপাদন কম থাকায় লোডশেডিং বাড়ছে। দিনে-রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় আছে। এর প্রভাবে আগামী একদিনে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।