চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ১৮:০৩ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫ ১৮:০৬ পিএম
কক্সবাজারের চকরিয়ায় মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ ও গোলাগুলিতে শেখাব উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। তাকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিকভাবে ধারণা।
শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর আবাসন এলাকার রাবারড্যাম সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত শেখাব উদ্দিন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনজুর আলম ওরফে মনজুর বলির ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ গোলাগুলির শব্দ শুনতে পেয়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে শেখাব উদ্দিনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছিন মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের পায়ে গুলির চিহ্ন আছে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শেখাব উদ্দিনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে। হত্যার রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।