সিলেট অফিস
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ১৭:৪৩ পিএম
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করেছে। অভিযান চলাকালে ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের একটি টহল দল ভোলাগঞ্জ ক্লাস্টার ভিলেজে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়।
এসময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্দেহ হলে যৌথবাহিনী অভিযান চালিয়ে পাথর ব্যবসায়ী কুতুব উদ্দিন ও জুয়েল মিয়ার বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, দেশীয় ধারালো অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করে।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে- একটি এয়ার রাইফেল, দুটি রাম দা, দুটি বড় ব্লেডের দা, দুটি বল্লম, তিনটি ছুরি, একটি ভারতীয় মদের ছোট বোতল এবং চারটি মোবাইল ফোন।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলাগঞ্জ আদর্শ গ্রামের কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ (৫৪), ভোলাগঞ্জ উত্তরপাড়ার আব্দুল ওয়াহিদ (৫৫), তার ছেলে জাহিদ আহমদ (২২), একই এলাকার রুহেল আহমদ (২৬) এবং তাদের আরেকজন সহযোগী।
কোম্পানীঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান এসব তথ্য নিশ্চিত করে জানান, গতকাল রবিবার অভিযান শেষে জব্দকৃত অস্ত্র ও মাদকসহ আটক ব্যক্তিদের তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।