× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহ নগরী

লাইসেন্স ছাড়াই চলে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার

শফিক সরকার, ময়মনসিংহ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ১৪:০১ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সম্প্রতি তোলা। প্রবা ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সম্প্রতি তোলা। প্রবা ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এগুলোর বেশিরভাগের নেই বৈধ লাইসেন্স।

নবায়নের আবেদন কপি দেখিয়ে বছরের পর বছর চলছে এসব অবৈধ ক্লিনিক। এতে প্রসূতি মায়ের মৃত্যুসহ প্রায়ই ঘটছে নানা অঘটন। তবে সিভিল সার্জন অফিস বলছে, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নগরীর চরপাড়া মোড় এলাকায় অবস্থিত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে ঘিরেই গড়ে উঠেছে তিন শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।

নগরীর চরপাড়া, নয়াপাড়া, কপিক্ষেত, মাসকান্দা, ব্রাহ্মপল্লী, বাঘমারা, ভাটিকাশর, কৃষ্টপুর, পাটগুদাম, রামকৃষ্ণ মিশন রোড, সাহেব আলী রোড, চামড়া গুদাম ও কালিবাড়ি রোডসহ বিভিন্ন এলাকায় এসব অবৈধ ক্লিনিক গড়ে উঠেছে। দিনদিন বাড়ছে এর সংখ্যা।

নগরীর নানা এলাকায় লাইসেন্স ছাড়াই আরও ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু হওয়ার অপেক্ষায় আছে। এমন তথ্য পাওয়া গেছে নগরীর চরপাড়া ঘুরে।

ময়মনসিংহ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সরকারি তালিকাভুক্ত ২০০টির বেশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক আছে। 

এগুলোর বেশিভাগের লাইসেন্স নবায়ন করা হয়নি। বছরের পর বছর নবায়ন ছাড়াই চলছে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জানা গেছে, গত মঙ্গলবার পর্যন্ত ১২টি প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করেছে সিভিল সার্জন অফিস।

এসব প্রতিষ্ঠানে ভুয়া হাতুড়ে ডাক্তার, অদক্ষ নার্স ও স্টাফ নিয়োগ দিয়ে মধ্যবিত্ত, দরিদ্র ও অসহায় রোগীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। এতে মারাত্মক হুমকির মুখে আছে জনস্বাস্থ্য।

এসব ভুয়া ক্লিনিকে ঘটছে নানা অঘটন। সম্প্রতি নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় হেলথ ক্লিনিক ও হাসপাতালে কর্তৃপক্ষের গাফিলতির কারণে সিঁড়ি বেয়ে নামার সময় এক গর্ভবতী মায়ের সন্তান নষ্ট হয়ে যায়। এর আগেও কয়েকটি ক্লিনিকে সিজার করতে এসে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে।

এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধে আন্দোলন করে আসছে সাইবার কমিউনিটিসহ কয়েকটি সামাজিক সংগঠন। মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে সংগঠনগুলো। সাইবার কমিউনিটি প্রশাসনকে ৭ দিনের মধ্যে অবৈধ ক্লিনিক বন্ধের সময় বেঁধে দিয়েছে।

সাইবার কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাকিব আহমেদ তুহিন বলেন, ‘আমাদের ময়মনসিংহ বিভাগে দিনদিন লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য ক্রমশ বেড়েই চলছে। এখানে ভুয়া ডাক্তার, অদক্ষ নার্স ও অপর্যাপ্ত সরঞ্জাম দিয়ে অসহায় রোগীদের সঙ্গে ভয়াবহ প্রতারণা করা হচ্ছে। বিশেষ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে ক্লিনিকের নামে অবৈধ ব্যবসার ফাঁদ পাতা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, ৭ দিনের মধ্যে এসব ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বড় ধরনের আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। মানুষের জীবন নিয়ে ব্যবসা করার অধিকার কারোর নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের মালিক বলেন, প্রশাসনের নানা শর্তে তারা বছরের পর বছর লাইসেন্স নবায়ন করতে পারছেন না। কোনো উপায় না দেখে লাইসেন্স নবায়ন ছাড়াই এগুলো পরিচালনায় তারা বাধ্য হয়েছেন। ক্লিনিকের অব্যবস্থাপনার বিষয়ে তারা বলেন, তারা স্বাস্থ্য বিভাগের সব নিয়ম মেনেই এগুলো পরিচালনা করছেন।

এ বিষয়ে ময়মনসিংহ সিভিল সার্জন কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ময়মনসিংহ নগরীতে আছে ২০০-এর বেশি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এর মধ্যে গত মঙ্গলবার পর্যন্ত ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন করা হয়েছে। আর বাকিগুলো বছরের পর বছর নবায়নের আবেদন কপি দেখিয়ে ব্যবসা করছে। নবায়নের জন্য তাদের বারবার তাগিদ দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের যেসব শর্ত আছে, এগুলো পূরণ না করেই তারা আবেদন করে বসে আছে। যে কারণে লাইসেন্স নবায়ন হচ্ছে না। 

তিনি বলেন, অচিরেই এসব ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এজন্য একটা তালিকাও তৈরি করা হয়েছে। ইতোমধ্যে একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অভিযান চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা