খুলনা অফিস
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ২২:০৩ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫ ২২:০৬ পিএম
বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকারে বিশ্বাসী এবং তা বাস্তবায়নে বদ্ধপরিকর। তারেক রহমানের দর্শনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই নীতিতেই বিএনপি কাজ করছে।
শনিবার (১৬ আগস্ট) খুলনার শীতলাবাড়ি মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি ।
হেলাল অভিযোগ করেন, কিছু নিকৃষ্ট রাজনীতিবিদ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে বিভেদ তৈরি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। বিএনপি সেই বিভেদ দূর করতে চায়। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিস্টান হই, এই ৫৫৫৯৮ বর্গমাইল ভৌগোলিক সীমানার মধ্যে সবাই বাংলাদেশী। তিনি বলেন, রাষ্ট্রীয় কাঠামোতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিত করা হবে। চাকরিতে পদোন্নতির ক্ষেত্রেও কোনো বৈষম্য থাকবে না, মেধার ভিত্তিতেই সবাই সমান সুযোগ পাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী বিপ্রোনন্দনজী (ধ্রুব) মহারাজ, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী সতেন্দ্রনাথ দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, শ্রী শ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা প্রমুখ।