বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ২০:৩৬ পিএম
পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, দীর্ঘদিন জোটগত রাজনীতির কারণে এই আসনে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। দলের হাইকমান্ডের নির্দেশে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন।
শনিবার (১৬ আগস্ট) সকালে সাঁথিয়া উপজেলার পাটগাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে এম এ আজিজের নেতৃত্বে বিশাল মোটর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বেড়া ও সাঁথিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং একাধিক পথসভায় মিলিত হয়।
পথসভায় সাংবাদিক নেতা এম এ আজিজ বলেন, বেড়া-সাঁথিয়ার মাটি বিএনপির ঘাঁটি। তবে এ আসনটিতে দীর্ঘদিন জোটগত রাজনীতির কারণে ধানের শীষে ভোট দিতে পারেননি বিএনপি নেতাকর্মীরা। এ অঞ্চলের মানুষ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। দলের হাইকমান্ডের নির্দেশেই তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন। বিএনপি ক্ষমতায় গেলে পাবনার বেড়া-সাঁথিয়াকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত করা হবে।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে তিনি গণমাধ্যমে বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন ও স্বৈরাচারী সরকারের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। পাবনা-১ আসনের মানুষের নির্যাতিত জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থী হতে চাই। মনোনয়ন পেলে আসনটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব, ইনশা আল্লাহ।
এ সময় তিনি স্থানীয় মানুষের কাছে বিএনপির সুশাসন ও উন্নয়ন পরিকল্পনা সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। প্রচার সভায় স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীও অংশ নেন।