বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৫:৫৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে হাজীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বিজয়নগরের তিনটি ইউনিয়নের নির্বাচনী আসন বিন্যাস নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্ট করাকে কেন্দ্র করে তিনদিন আগে অক্ষি গোষ্ঠীর দানা মিয়া বুধবার রাতে বৃদ্ধ আরজু মিয়াকে (৭০) মারধর করে। এরই জেরে শনিবার সকালে অক্ষি গোষ্ঠী ও পাঠান গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। তবে আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে আহতরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।