সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৩:১৯ পিএম
মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে দিঘুলিয়া ইউনিয়নের বেংরোয়া পশ্চিমপাড়া এলাকার বাছেদ সরকারের বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটির নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রাশেদকে খবর দেন। পরে তিনি সাটুরিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, আনুমানিক রাত দুইটার দিকে ওই এলাকায় বিদ্যুৎ চলে যায়। সকালে এলাকাবাসী বৈদ্যুতিক খুঁটির নিচে মরদেহ দেখতে পান এবং প্রথমে স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসে খবর দেন। পল্লীবিদ্যুৎ অফিসের কর্মীরা এসে দেখতে পান খুঁটির ট্রান্সফরমারের লক খোলা। এরপর তারা সেখান থেকে চলে যান।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই যুবক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শকে মারা গেছেন। মরদেহের শরীরের ওপরের অংশে বৈদ্যুতিক শকের চিহ্ন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন।