সিলেট অফিস
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১২:০৬ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫ ১২:০৬ পিএম
ছবি : সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।
এর আগে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। একই দিন বিকালে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব।
মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করেছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এ ঘটনায় জড়িত রয়েছেন, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, সাদা পাথর চুরির ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে পাথর লুটেরা চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাছাড়াও চেকপোস্টে সাদা পাথর নিয়ে যাওয়ার পথে ডাম্পট্রাকসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, সাদা পাথর লুটপাটকারী ও চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে পাথর চুরি করা হয়। বিশেষ করে গত দুই সপ্তাহে কোটি কোটি টাকার পাথর লুটপাট করা হয়। সেই পাথর উদ্ধারে বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাত থেকে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করে। যা এখনো চলমান রয়েছে। এদিকে গতকাল পর্যন্ত প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পাথরগুলো পুনরায় ধলাই নদীতে প্রতিস্থাপন করা হচ্ছে।