মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১১:৩৯ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫ ১১:৪৭ এএম
মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ ইমান আলী ওরফে ইমান ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার শিবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। ইমান আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে।
সেনাবাহিনী জানায়, গোপন সূত্রের ভিত্তিতে ইমান ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গতরাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইমান আলী ওরফে ঈমান ডাকাতকে আটক করেছি। তার বিরুদ্ধে পূর্বে অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরক, নাশকতা এবং একাধিক আইন-শৃঙ্খলা লঙ্ঘনসহ মোট ১১ টি মামলা রয়েছে। এখন নতুন করে আরও একটি অস্ত্র মামলা দেওয়ার প্রস্তুতি চলমান রয়েছে। মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।