× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তীব্র স্রোতে তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, পানিবন্দিদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ২২:৫১ পিএম

তীব্র স্রোতে তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, পানিবন্দিদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

উজানের তীব্র স্রোতে তিস্তা সেতু রক্ষা বাঁধে ক্রমাগত ভাঙনসহ রংপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ায় পানিবন্দিদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা বেড়েই চলছে । রংপুর-লালমনিরহাট সড়কও হুমকিতে রয়েছে।

বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরÑ

রংপুর : উজানের তীব্র স্রোতের কারণে তিস্তা সেতুর রক্ষা বাঁধ ক্রমাগত ভাঙছে। এতে তিস্তা সেতু, রংপুর-লালমনিরহাট সড়ক এবং অনেক গ্রাম হুমকিতে রয়েছে। গত এক সপ্তাহ ধরে তিস্তায় পানি বৃদ্ধির ফলে লক্ষ্মীটারী তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ মিটার ব্লক ধসে গেছে। স্থানীয়দের অভিযোগ, সেতু রক্ষা বাঁধটি গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ বছর তিস্তা নদীর পানি সরাসরি বাঁধের সেই দুর্বল জায়গায় আঘাত হানায় ব্লক ধসে যাওয়া স্থানে প্রায় ৭০ ফুট গর্ত তৈরি হয়েছে। প্রতিনিয়ত ব্লকগুলো একটু একটু করে নদীতে নেমে যাচ্ছে। 

নওগাঁ : টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নওগাঁর সব কটি নদনদীর পানি হুহু করে বাড়ছে। শুক্রবার (১৫ আগস্ট) বেলা ৩টায় আত্রাই নদীর পানি মান্দার জোতবাজার পয়েন্টে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে করে মান্দা উপজেলার নদীতীরবর্তী চকরামপুর, কয়লাবাড়ী, পারনুরুল্লাবাদ গ্রামে পানি প্রবেশ করছে। 

এসব এলাকায় অন্তত ৫০০ পরিবার পানিবন্দি । তলিয়ে গেছে ধান, পাট ও সবজিসহ নানা ফসলি জমি। নদে পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় বন্যানিয়ন্ত্রণ ও বেড়িবাঁধ চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 

নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আত্রাই নদীর পানি ১০০ সেন্টিমিটার বেড়েছে। শুক্রবার বেলা ৩টায় জোতবাজার পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আগামী দুই দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ‘নদীর পানি বৃদ্ধির ফলে কয়েকটি বাঁধে লিকেজ দেখা দিয়েছে। আমরা প্রতিটি ঝুঁকিপূর্ণ পয়েন্টে নজরদারি করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ : নিম্নাঞ্চলের পানিবন্দি মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত । সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে জলাবদ্ধতা ও বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত রোগের পাশাপশি জ্বর-সর্দির সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ফলে সঠিক সময়ে যথাযথ চিকিৎসা না পাওয়ায় ওইসব এলাকার মানুষের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা বেড়েই চলছে। 

প্রায় ১০-১২দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের দুটি উপজেলার ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি । সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সদর উপজেলার নারায়ণপুর, শিবগঞ্জের পাঁকা ও দুর্ভলপুর ইউনিয়নের মানুষ। দুর্বল যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানির অভাব, গোখাদ্যসহ নানাবিধ সংকটের মধ্যে রয়েছে পানিবন্দি মানুষ। এখন পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ থেকে কোনো টিমই গঠন করা হয়নি। তবে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দুদিন পানিবন্দিদের চিকিৎসা সহায়তা দিলেও তা পর্যাপ্ত নয়।

সংশ্লিষ্টরা বলছেন, বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমাশয় এবং হেপাটাইটিস দ্রুত ছড়িয়ে পড়ছে। পর্যাপ্ত চিকিৎসা না পেলে এ রোগগুলো মহামারির আকার ধারণ করতে পারে। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে চিকিৎসা শিবির স্থাপন, ভ্রাম্যমান মেডিকেলের মাধ্যমে জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন।

কুষ্টিয়া : উজানের কারণে কুষ্টিয়ায় পদ্মা নদীর পানি প্রতিদিন বেড়েই চলেছে। এতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার তীরবর্তী চরাঞ্চল রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল ও ফসলি জমি। 

শুক্রবার পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা পরিমাপ করা হয় ১২.৯৪ সেন্টিমিটার, যা বিপদসীমা (১৩.৮০ সেমি.) থেকে কিছুটা নিচে। আগস্টের প্রথম সপ্তাহ থেকে প্রতিদিনই পানি বাড়ছে। চরাঞ্চলের ফসলি মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। অনেক পরিবার তাদের গরু-মহিষ নিয়ে নিরাপদে সরে যাচ্ছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা মরিচা, রামকৃষ্ণপুর, ফিলিপনগর ও চিলমারী ইউনিয়নের মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। নদীর পানি বাড়ার কারণে বহু রাস্তাঘাট, ঘরবাড়ি ও স্কুল প্লাবিত হয়েছে । ১৬টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ক্ষতিগ্রস্তদের সার্বিকভাবে সহযোগিতা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা