× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্রাই নদীর পানি বিপদসীমার ৩৭ সেমি ওপরে, ঝুঁকিতে বাঁধ

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৭:৫৯ পিএম

আত্রাই নদীর পানি বিপদসীমার ৩৭ সেমি ওপরে, ঝুঁকিতে বাঁধ

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নওগাঁর সবকটি নদ-নদীর পানি হুহু করে বাড়ছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল তিনটায় আত্রাই নদীর পানি মান্দার জোতবাজার পয়েন্টে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে মান্দা উপজেলার নদী তীরবর্তী চকরামপুর, কয়লাবাড়ি, পারনুরুল্লাবাদ গ্রামে পুরাতন দুটি ভাঙনস্থান দিয়ে পানি প্রবেশ করছে।

পানি বিপদসীমা অতিক্রম করায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে নিখিরাপাড়া, বাকশাবাড়ী ও ঠনঠনিয়াপাড়া এলাকা বন্যাকবলিত হয়েছে। এসব এলাকায় অন্তত ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে ধান, পাট ও সবজিসহ নানান ধরনের ফসলি জমি। নদে পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ও বেড়িবাঁধ চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একইভাবে আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে ওই এলাকার অন্তত ছয় গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আত্রাই নদের পানি ১০০ সেন্টিমিটার (সেমি) বেড়েছে। শুক্রবার বিকাল তিনটায় জোতবাজার পয়েন্টে নদের পানি বিপদসীমার ৩৭ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুইদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন বাচ্চু বলেন, নদের উভয় তীরের বেড়িবাঁধ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ইতোমধ্যে দ্বারিয়াপুর ও জোকাহাট এলাকায় বেড়িবাঁধে পানির চাপ বেড়ে যাওয়ায় লিকেজ দেখা দিয়েছে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে এসব পয়েন্ট রক্ষায় বালুর বস্তা ও মাটি ফেলে কাজ চালিয়ে যাচ্ছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চকরামপুর, উত্তর চকরামপুর, কয়লাবাড়ি, জোকাহাট, দ্বারিয়াপুর, নুরুল্লাবাদ, পারনুরুল্লাবাদ ও তালপাতিলাসহ অন্তত ১০টি বেড়িবাঁধকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া লক্ষ্মীরামপুর, আঁয়াপুর, পাঁজরভাঙ্গা, পলাশবাড়ি, মিঠাপুর, নিখিরাপাড়া ও গোয়ালমান্দাসহ আরও অন্তত ২০টি পয়েন্টকে রাখা হয়েছে উচ্চঝুঁকির তালিকায়।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ‘নদীর পানি বৃদ্ধির ফলে কয়েকটি বাঁধে লিকেজ দেখা দিয়েছে। আমরা প্রতিটি ঝুঁকিপূর্ণ পয়েন্টে নজরদারি করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা