বগুড়া অফিস
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৬:৩৩ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুমা শহরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল হয়।
বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে আয়োজিত প্রধান দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। পরে একটি মাদ্রাসায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এছাড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিট পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করে। শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বরকতিয়া জামে মসজিদে প্রধান দোয়া ও মিলাদ মাহফিল হয়। এর আগে সকালে বরকতিয়া এতিমখানায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জের দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং সহস্রাধিক মুসল্লি অংশ নেন।
এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা, শেরপুর ও দুপচাঁচিয়াসহ বিভিন্ন উপজেলায়ও একই দিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।