সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৫:৩৭ পিএম
মানিকগঞ্জের সাটুরিয়ায় সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাটুরিয়া-দড়গ্রাম সড়কের চেয়ারম্যান বাড়ির মোড়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রফিকুল ইসলাম (৪৫)। তিনি গোপালপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং অটোরিকশার চালক ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত হয়েছেন সিএনজি চালক বারেক (৪০), যিনি মধ্য রৌহা গ্রামের বাসিন্দা। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, সাটুরিয়া-দড়গ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় সিএনজি চালক আহত হয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।