কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৫:১৬ পিএম
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলামের সঙ্গে দুর্ব্যবহারের দায়ে বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়াকে শোকজ করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) তাকে এ কারণ দর্শানো নোটিশ দেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
কারণ দর্শানো নোটিশে বলা হয়, ‘অতি সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা ও জেলা প্রশাসক, কুমিল্লাকে নিয়ে আপনার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাছাড়া গত ১১ ও ১২ আগস্ট নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে জাতীয় সংবাদ মাধ্যমিক খবর প্রকাশিত হয়েছে। উক্ত বিষয়ে আপনাকে আগামী তিন কার্য দিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী নিকট জবাব প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।’
এ বিষয়ে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া জানান, আবদুল গফুর ভূঁইয়ারএকাধিক ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা এর জবাব চেয়েছি। জবাব পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১৮ মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের বড় ভাই ড. মীর আবু সালেহ শামসুদ্দীন শিশিরকে ভোলাইন বাজার উচ্চবিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে সুপারিশ করেন কুমিল্লার জেলা প্রশাসক। সে হিসেবে শিক্ষা বোর্ড চেয়ারম্যান তা প্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠান। বিষয়টি জানার পর সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া ফোনে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও নানা হুমকি দেন।