উজিরপুর (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
বরিশালের উজিরপুরে পুলিশের কাছে সোপর্দ করা বিস্ফোরক মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ভোর রাতে মুচলেকা রেখে উজিরপুর মডেল থানা পুলিশ তাকে ছেড়ে দেয়।
আসামি আওয়ামী লীগ নেতা হলেন শহিদুল ইসলাম (৫৫)। তিনি আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। উজিরপুর মডেল থানায় বিএনপি নেতার করা বিস্ফোরক মামলার ৫৩ নম্বর আসামি শহিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পলাতক থাকা শহিদুল ইসলামকে বুধবার সন্ধ্যায় উজিরপুর মডেল থানার পাশে একটি দোকানে দেখতে পায় ছাত্র-জনতা। তখন তারা শহিদুলকে আটকে মারধর করে পুলিশে সোপর্দ করে। পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে মুচলেকা রেখে তাকে ছেড়ে দিয়েছে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘আমি থানায় ছিলাম না। সহকারী পুলিশ কমিশনার স্যার ভালো বলতে পারবেন।’
সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) ইকরামুল আহাদ কল করা হলে সংযোগ কেটে দেন। তবে তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানির পক্ষে না। দ্রুত মামলার প্রতিবেদন দেওয়া হবে।