নলছিটি (ঝালকাঠি) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১২:৪৮ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫ ১৪:১৭ পিএম
ঝালকাঠির নলছিটিতে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভৈরবপাশা ও মগড় ইউনিয়নের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ছবি সংবলিত পোস্টার লাগানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে কোনো এক সময় এসব পোস্টার লাগানো হয়। বরিশাল-ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলা অংশের বিসিক শিল্প এলাকা, প্রতাপ স্টেশন , বরইতলা, ভৈরবপাশা বাজার , ষাটপাকিয়া ষ্ট্যান্ড, শ্রীরামপুর, আমিরাবাদসহ বিভিন্ন স্থানের সড়কের পাশে থাকা মাইলফলকে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে পোস্টার লাগানো হয়।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘পোস্টারগুলো কারা লাগিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি অনুসন্ধান করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
জানা গেছে , রাতের আঁধারেই এসব পোস্টার লাগানো হয়। ঘটনার পরপরই ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়। পাশাপাশি টহলে রয়েছে জেলা পুলিশের বিভিন্ন টিম। পুলিশের বিশেষ নজরদারিও চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুবিন বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাতের আঁধারে পোস্টারিং করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। গণঅভ্যুত্থানের পর তাদের সাহস নেই প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি করার, তাই ‘চোরের মতো’ রাতের আঁধারে পোস্টার লাগিয়েছে।’