চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১৪:২০ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২২ ১৫:৩০ পিএম
ওবায়দুল কাদের। ফাইল ফটো
সংসদ থেকে সাত সদস্য (এমপি) পদত্যাগ করলেও সরকার পতন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ৩৫০ এমপি নিয়ে সংসদ গঠন হয়েছে। তাতে জাতীয় পার্টি, বিকল্পধারাও আছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখনও তত্ত্বাবধায়ক সরকার চায়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল হয়েছে। পাকিস্তান ছাড়া বিশ্বের কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই। পুলিশের ওপর হামলা করলে, জ্বালাও-পোড়াও করলে ছাড় দেওয়া হবে না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, নির্বাচনেই ফাইনাল খেলা হবে। নির্বাচন হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতিবাজ তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে। মুক্তিযুদ্ধের পক্ষের দল আবারও সরকার গঠন করবে। শেখ হাসিনার মতো সৎ, ত্যাগী ও যোগ্য নেতা ’৭৫ সালের পর আর কেউ নেই। শেখ হাসিনাই মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল নির্মাণসহ নানা উন্নয়ন করেছেন।
চট্টগ্রাম নগরের এমএ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামের সামনের মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন জিমনেসিয়ামের ভেতরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা দিয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী সম্মেলনে যোগ দিয়েছেন।