রামু (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৪:৩০ পিএম
কক্সবাজারে রামু উপজেলার জঙ্গলবেষ্টিত ঈদগড়ের নয়াপাড়া থেকে আট বছরের শিশু জুঁই আক্তারকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টায় তাকে অপহরণ করা হয়। অপহৃত জুঁই আক্তার কুমিল্লার কাঞ্চন নগরের মো. জুয়েলের মেয়ে। কিছুদিন আগে সে ঈদগড়ের ৬নং ওয়ার্ডের নয়াপাড়ায় তার ফুপুর বাসায় বেড়াতে এসেছিল।
অপহরণের শিকার জুঁইয়ের ফুপা কালু ড্রাইভার জানান, অপহরণের পর মুঠোফোনে যোগাযোগ করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুর পর্যন্ত জুঁই আক্তার উদ্ধার হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল ইসলাম কমরু জানান, অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে যাওয়ার সময় তার ফুপার মোবাইল ফোনও নিয়ে গেছে। পরবর্তীতে শিশুর ফুপা কালু ড্রাইভারকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
তিনি আরও জানান ১০-১২ কিলোমিটারের ঈদগাঁও-ঈদগড় সড়কটি বনাঞ্চলের ভেতর দিয়ে গেছে। প্রায় সময় এ সড়কে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে। রাত ১০টা পর্যন্ত এ সড়কে পুলিশের টহল থাকে। জরুরি প্রয়োজনে কেউ সড়ক দিয়ে ঈদগাঁও সদরে কিংবা ঈদগাঁও থেকে ঈদগড়-বাইশারী যেতে চাইলে পুলিশ নিরাপত্তা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ফুপুর বাসায় থেকে ঘুমন্ত অবস্থায় শিশু জুঁইকে অস্ত্রের মুখে জঙ্গলের দিকে নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, বনদস্যুদের সবার হাতে দেশি অস্ত্র ছিল। কয়েকজন কথা বলছিলেন কক্সবাজারের আঞ্চলিক ভাষায়। দলের কয়েকজনকে মিয়ানমারের রোহিঙ্গা বলে সন্দেহ হয়েছে তাদের।
এ ব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান দৈনিক প্রতিদিনের বাংলাদেশকে জানান, এ বিষয়ে আমি এখনো অবগত নই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ঈদগাঁও-ঈদগড় সড়কের পানের ছড়া, হিমছড়িসহ বিভিন্ন স্থানে রাতের আঁধারে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা এর আগেও ঘটেছে। এ কারণে লোকজন সন্ধ্যার পর ওই সড়কে চলাচলে শঙ্কিত থাকেন।