শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ২০:৩৫ পিএম
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননী স্ত্রী আরিফা ইয়াসমিনকে (২৪) বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুর রশিদের (৩৭) বিরুদ্ধে। ঘটনার পর থেকে আব্দুর রশিদ পলাতক রয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া (দক্ষিণ পাড়া) চেয়ারম্যানবাড়ীর মোড়সংলগ্ন আবু আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আরিফা ইয়াসমিন নেত্রোকোনা সদর উপজেলার পাঁচ কাহনিয়া গ্রামের মৃত সবুজ মিয়ার মেয়ে। তার স্বামী আব্দুর রশিদ শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের ফজলুর রহমানের ছেলে। আরিফা ইয়াসমিন তার তৃতীয় স্ত্রী। তাকে ছাড়াও আব্দুর রশিদের আরও তিন স্ত্রী রয়েছে। তারা কেওয়া (দক্ষিণ পাড়া) চেয়ারম্যানবাড়ীর মোড়সংলগ্ন আবু আলীর বাড়িতে গত ৮ মাস যাবত ভাড়া থাকেন।
নিহতের ছোট বোন শিফা আক্তার জানান, প্রায়ই তার বোনের সাথে তার স্বামীর বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। এর জেরে তার স্বামী তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে।
বাড়ির মালিক আবু আলী বলেন, প্রায় আট মাস আগে আরিফা ইয়াসমিন তার দুই সন্তানসহ বাসা ভাড়া নেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে তার স্বামী আব্দুর রশিদ অন্য এক স্ত্রীকে নিয়ে এ বাড়িতে আসেন এবং রাতযাপন করেন। সকালে ঘরে আরিফা ইয়াসমিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, নিহত গৃহবধূর স্বামী আব্দুর রশিদ চারটি বিয়ে করেছেন এবং বর্তমানে চতুর্থ স্ত্রীকে নিয়ে অন্যত্র ভাড়া থাকেন। ঘটনার দিন আব্দুর রশিদ তার তৃতীয় স্ত্রী আরিফা ইয়াসমিন সঙ্গে খাবার খাওয়ার পর রাত্রিযাপন করেন। প্রাথমিক ধারণা সে তার স্ত্রী আরিফা ইয়াসমিনকে শ্বাসরোধে হত্যার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।